চায়ের প্যাকেটে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, রংপুরে মাদককারবারি আটক
রংপুরে একটি কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় অভিযানে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন মনসুর মণ্ডল ওরফে বোদা। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মণ্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর এসএ কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি পার্সেল তল্লাশি করে চায়ের প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পার্সেল সংগ্রহ করতে আসা মনসুর মণ্ডল ওরফে বোদাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহন ও সংগ্রহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জব্দ করা ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও আরও জোরদার করা হয়েছে।