রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
রাজশাহীতে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) আয়োজিত ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চাই একটি অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। আবহমান কাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধই সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
এ সময় ইসকনের স্থানীয় নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক ভক্তবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণিল সাজে সজ্জিত রথসহ একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণসহ পুরো এলাকায় ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।